বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

অনলাইন ডেস্ক ০৪ অক্টোবার ২০২৬ ০৭:৫১ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

অধিকার পর্যবেক্ষকদের মতে, তাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার কোনো নিশ্চয়তা না থাকা সত্ত্বেও অস্বচ্ছ একটি প্রত্যাবাসন কর্মসূচির আওতায় রোববার মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের অভিবাসী যুদ্ধবিধ্বস্ত নিজ দেশে ফিরেছেন।

এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে প্রত্যাবাসিতরা কাছের থানলিন নৌঘাঁটিতে পৌঁছানোর পর কয়েক ডজন অভিবাসীকে বাসে করে অভিবাসন ও স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি বৌদ্ধ মঠের হলঘরে নেওয়া হয়।

মিয়ানমারের থানলিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ায় একটি কফির দোকানে কাজ করতেন ৫৩ বছর বয়সী কিয়াও সোয়ার থেইন। সেখানে গ্রেফতার হওয়ার পর তিনি বলেন, ‘আমি এখনো পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি।’

তিনি জানান, এক বছর আট মাস আটক থাকার সময় তিনি খোসপাঁচড়ায় আক্রান্ত হন। দেশে ফিরতে চাওয়ার এটি একটি কারণ। তবে এখন তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত বলে মনে হচ্ছে।

মেঝেতে সারিবদ্ধ হয়ে পা ভাঁজ করে বসা পুরুষদের মধ্যে কয়েকজনের টি-শার্টে লেখা ছিল ‘উই লাভ মিয়ানমার।’ তাদের মাঝে বসে কিয়াও সোয়ার থেইন বলেন, ‘আমি কোনো কিছুই আশা করি না।’

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক আইনে যে ধরনের নিরাপদ প্রত্যাবাসনের কথা বলা হয়েছে, দেশটির বর্তমান পরিস্থিতিতে তা নিশ্চিত করা সম্ভব নয় বলে সতর্ক করেছে সংস্থাটি।

মালয়েশিয়া বলছে, আটককেন্দ্রের সব অভিবাসী স্বেচ্ছায় দেশে ফিরতে সম্মত হয়েছেন। তবে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বলেছে, মিয়ানমারের অভিবাসীদের সামনে তেমন কোনো বিকল্প ছিল না।

রোববার ভোরে কয়েক শত পরিবার গাড়ি নিয়ে নৌঘাঁটির বাইরে জড়ো হয়। তারা স্বজনদের নিতে এসেছিল। কেউ কেউ কাগজে স্বজনদের ছবি বা নাম লিখে তা তুলে ধরেন।

কিছু পরিবারকে ঘাঁটির ফটক পেরিয়ে স্বজনদের স্বাগত জানানোর অনুমতি দেওয়া হলেও অধিকাংশের তাৎক্ষণিকভাবে পরিবারের সঙ্গে দেখা করার আশা ভেস্তে যায়।

এক নৌ কর্মকর্তা মেগাফোনে চিৎকার করে বলেন, ‘আপনারা এখনই তাদের নিয়ে যেতে পারবেন না।’ তিনি জানান, প্রত্যাবাসিতদের প্রথমে ইয়াঙ্গুন অঞ্চলের বিভিন্ন স্থানে নেওয়া হবে।

এক নারী তাঁর ১৯ বছর বয়সী ভাইকে খুঁজছিলেন। তিন মাস আগে মালয়েশিয়ায় যাওয়ার পরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, ‘আমরা প্রত্যাবাসিতদের তালিকায় তার নাম দেখেছি। কিন্তু তাকে খুঁজতে আমরা ভেতরে যেতে পারিনি।’

৫৫ বছর বয়সী কিয়াও মিন্ট জানান, মালয়েশিয়ায় এক বছরেরও বেশি সময় আটক থাকা তাঁর তিন নাতি-নাতনিকে এখন মিয়ানমারে জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ করা হতে পারে বলে তিনি উদ্বিগ্ন। তার আশঙ্কা, ‘শুধু সামরিক বাহিনী নয়, জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোও’ তাদের নিয়োগ করতে পারে।

রোহিঙ্গাবিরোধী মনোভাব-
রোববার ভোরে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজ অভিবাসীদের নিয়ে থানলিন নৌঘাঁটিতে ভিড়েছে বলে এক নৌ কর্মকর্তা জানান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় এএফপি তাঁর নাম প্রকাশ করেনি।

মিয়ানমার সরকারের তথ্য অনুযায়ী, ১ হাজার ৪৭৬ জন অভিবাসীকে নিয়ে জাহাজগুলো মঙ্গলবার মালয়েশিয়া ছেড়ে যায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী, মিয়ানমার যে ৫ হাজার অভিবাসীকে ফেরত নিতে সম্মত হয়েছে, এটি তাদের প্রথম দল।

মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই পুরুষ। তাদের মধ্যে ২৭ শিশু ও ৭৯ জন নারী রয়েছেন।

এক অভিবাসী তার পরিবারকে জানান, তাকে জাহাজে করে ফেরত পাঠানো হবে। তাঁর বোন বলেন, ‘আমাদের প্রধান উদ্বেগ হলো, তার ফিরে আসা নিরাপদ হবে কি না।’

ফেরত পাঠানোদের মধ্যে নিপীড়িত রোহিঙ্গাদের কেউ রয়েছেন কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। শরণার্থীদের, বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে বাড়তে থাকা বিদ্বেষের প্রেক্ষাপটে আনোয়ার জুলাইয়ে এই প্রত্যাবাসনের ঘোষণা দেন।

২০১৭ সালে মিয়ানমারে সামরিক দমন-পীড়ন শুরুর পর রোহিঙ্গারা ব্যাপকভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, ওই দমন-পীড়ন গণহত্যার শামিল ছিল।

মালয়েশিয়ায় মিয়ানমারের শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সংখ্যাগরিষ্ঠই রোহিঙ্গা। তবে জাহাজে কতজন রোহিঙ্গা ছিলেন, এ বিষয়ে এএফপি’র প্রশ্নের জবাব দেয়নি কুয়ালালামপুর।

‘ফেরত পাঠানোর সময় নয়’-
মিয়ানমার বলেছে, ফেরত পাঠানো ব্যক্তিরা মালয়েশিয়ায় অভিবাসন-সংক্রান্ত অপরাধে সাজা ভোগ করেছেন।

ফোর্টিফাই রাইটসের মতো পর্যবেক্ষক সংস্থাগুলো আটককেন্দ্রগুলোর ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, ফেরার সিদ্ধান্ত ‘সত্যিই স্বাধীন ও জেনে-বুঝে নেওয়া হয়েছিল কি না’ তা নিশ্চিত করতে গত সপ্তাহে তাদের কর্মীদের অভিবাসীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

মালয়েশিয়া ইতোমধ্যে ৩ হাজার ৫০০-এর বেশি অভিবাসীর দ্বিতীয় একটি দলকে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। দেশটির দাবি, এসব অভিবাসী আর্থিক, সামাজিক ও নিরাপত্তাজনিত বোঝা তৈরি করেছে।

অভ্যুত্থানের পর ক্ষমতা দখলকারী মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং এপ্রিলে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। প্রত্যাবাসন কর্মসূচি নিয়ে আলোচনা করতে তিনি শিগগিরই মালয়েশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে।

মিয়ানমার গত মাসে প্রতিশ্রুতি দিয়েছে, প্রত্যাবাসন হবে ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ।’

তবে ফোর্টিফাই রাইটসের জ্যেষ্ঠ মানবাধিকার বিশেষজ্ঞ ইয়াপ লাই শেং এএফপিকে বলেন, ‘ফেরত পাঠানো ব্যক্তিদের সঙ্গে শাসকগোষ্ঠী কী আচরণ করবে, তা বলা সম্ভব নয়।’

পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের গৃহযুদ্ধে ১ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গত মাসের শেষ দিকে সামরিক বাহিনীর এক বিমান হামলায় ৫০ জন নিহত হন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক মঙ্গলবার বলেন, ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনে জর্জরিত একটি দেশে কাউকে জোর করে ফেরত পাঠানোর এখন কোনো সময় নয়।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শিগগিরই পুতিন-জেলেনস্কি বৈঠক : ট্রাম্প

news image

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে

news image

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

news image

ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

news image

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনায় ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

news image

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

news image

চীনে এপেক সম্মেলনে পুতিন, শি ও ট্রাম্পের বৈঠক হতে পারে: ক্রেমলিন

news image

প্যারিসে বিক্ষোভ ঘিরে সহিংসতায় রেকর্ড ৮৫৫ জন গ্রেপ্তার

news image

বৈশ্বিক উষ্ণতা নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণে একমত হতে পারেনি জাতিসংঘ জলবায়ু প্যানেল

news image

যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

news image

সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

news image

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

news image

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

news image

বুলগেরিয়ার উপকূলে ২টি জাহাজে ড্রোন হামলা, নিখোঁজ কয়েকজন নাবিক

news image

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

news image

নতুন হামলার হুমকি ইরানের, হরমুজ নিয়ে মার্কিন জবাবের অপেক্ষা

news image

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অ্যানথ্রপিকের প্রধান আমোদেই

news image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

news image

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

news image

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান

news image

হরমুজ প্রণালীতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকারে আগুন

news image

গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে বড় অস্ত্র বানাচ্ছে হুথিরা

news image

ইয়েমেনের ৩২ জায়গায় বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

news image

এক সপ্তাহে ১২ হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

news image

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

news image

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

news image

শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান

news image

মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

news image

তেলাপোকার মৃত্যুতে একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী