বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রবাসী

প্রবাসী বাংলাদেশিদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

অনলাইন ডেস্ক ৩১ আগষ্ট ২০২৬ ০১:৫৭ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে হাইকমিশন একাধিক করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরেছে।

শনিবার হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পরামর্শে বলা হয়েছে, প্রবাসীদের কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনের কথাও বলা হয়েছে।

পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়ে হাইকমিশন জানিয়েছে, চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা বজায় রাখা এবং কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

হাইকমিশনের নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে।

ইসরাইল-ফিলিস্তিন, ইরান-ইসরাইলসহ আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে। কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

এছাড়া যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া, কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার পরামর্শ রয়েছে।

প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে— এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়ার পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন কিংবা সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সবশেষে কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

প্রবাসীদের মতে, এসব নির্দেশনা মেনে চললে একদিকে যেমন ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে কর্মরত দেশের আইন ও সামাজিক পরিবেশের প্রতি সম্মান বজায় রাখাও সহজ হবে।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

news image

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

news image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী

news image

অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিযান

news image

প্রবাসী বাংলাদেশিদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

news image

কানাডার অন্টারিও উপনির্বাচনে মুখোমুখি দুই বাংলাদেশি

news image

মতবিনিময় ও আলোচনা সভা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

news image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

news image

দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ

news image

হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা