শনিবার ১২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রবাসী

অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিযান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ১০ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৩১ পি.এম

ফাইল ছবি ফাইল ছবি

 'ত্রিপল এ ওভারসিজ' (আরএল-২৬৩০) সীলগালা, জরিমানা ও পাসপোর্ট জব্দ

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আজ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামক রিক্রুটিং এজেন্সিতে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

 

অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় অফিসটি সীলগালা করা হয় এবং নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিদেশগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেওয়া ৩ (তিন) বক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না।

যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

জব্দকৃত পাসপোর্টসমূহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার রাখবে।