মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক

অনলাইন ডেস্ক ১৩ জুলাই ২০২৬ ১১:১৯ এ.এম

বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, ‘৫২-এর ভাষাসৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, তার (জমির উদ্দিন সরকার) মৃত্যুতে দেশ হারালো কীর্তিমান একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে। রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হলো গভীর শূন্যতা। ব্যারিস্টার মরহুম জমির উদ্দিন সরকার তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে যেভাবে নিবেদিত থেকেছেন সেজন্য দেশবাসী তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মির্জা ফখরুল বলেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি এদেশে সংসদীয় রাজনীতিতে যোগ করেছিলেন এক ভিন্ন মাত্রা। বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে উন্নয়ন কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা দেশবাসী কখনও বিস্মৃত হবে না। 

তিনি আরও বলেন, তার সমগ্র রাজনৈতিক জীবনে শেরেবাংলা ফজলুল হক থেকে শুরু করে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সহকর্মী হিসেবে রাষ্ট্র ও সমাজে তার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার মৃত্যুতে দেশে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


এই সম্পর্কিত আরও খবর